INSIGHT24NEWS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / গাঁজা সেবনের ঘটনায় ৪ শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ

গাঁজা সেবনের ঘটনায় ৪ শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) একটি হলের কক্ষে মাদক সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ওই কক্ষে গাঁজা সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৮ জুন) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান চালায় হল প্রশাসন ও ছাত্রকল্যাণ দপ্তর। অভিযানে চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক আবু বকর সিদ্দিক অংশ নেন।

ঘটনার পর ওই রাতেই চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয় এবং প্রশাসনের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (৯ জুন) মধ্যে তাদের হল ছাড়তে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ জানান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তাদের আবাসিকতা বাতিল করা হয়েছে। তিনি বলেন, এ সিদ্ধান্ত ছাত্রকল্যাণ দপ্তরের এখতিয়ার অনুযায়ী নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আপিল করার সুযোগ পাবেন।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Social Icons